দক্ষিণ ভারতের কর্ণাটকে বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়লাভ করেছে কংগ্রেস। গতকাল ২২৪ আসনের মধ্যে ১৩৬টিতে জয়লাভ করে এককভাবে রাজ্য সরকার গঠন করবে তারা। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনো ঠিক করতে পারেনি কংগ্রেস।
মুখ্যমন্ত্রী পদের দাবিদার দুজন —রাজ্য কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার ও কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুজনের মধ্যে মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক করতে আজ রোববার (১৪ মে) সন্ধ্যায় জয়ী বিধায়কদের নিয়ে বেঙ্গালুরুতে বৈঠকে বসার কথা রয়েছে দলটির।
এরই মধ্যে এই দুই নেতার সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। সিদ্দারামাইয়ার সমর্থকরা তার বেঙ্গালুরুর বাড়ির বাইরে পোস্টার লাগিয়েছে। সেখানে লেখা —দ্য নেক্সট সিএম অব কর্ণাটক। অন্যদিকে ডিকে শিবকুমারের বাড়ির বাইরেও পোস্টার লাগিয়েছে তার কর্মীরা।
২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত পাঁচ বছর ক্ষমতায় থাকা সিদ্দারামাইয়া নির্বাচনের আগে বলেছিলেন এটাই তার শেষ নির্বাচন। ফলে বিশ্লেষকরা বলছেন তিনি হয়তো এর মাধ্যমে শেষবারের মতো মুখমন্ত্রী হওয়ার ইচ্ছার কথাই প্রকাশ করেছেন। সুবক্তা হিসেবে পরিচিত সিদ্দারামাইয়ার বিরুদ্ধে নেই দুর্নীতির কোনো অভিযোগও।
অন্যদিকে দলের দুর্দিনে রাজপথে সক্রিয় ছিলেন শিবকুমার। কংগ্রেসের সংকটে বারবার সম্ভাব্য ভাঙন রুখেছেন। অন্য রাজ্যের সংকটের সময়েও এগিয়ে গিয়েছেন বারবার। গান্ধী পরিবারেরও বিশ্বাসভাজন তিনি। তবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিস্তর। এরই মধ্যে বেশ কয়েকবার তার বিরুদ্ধে তদন্ত করেছে সিবিআই।










