গাজার শিশু ও নারী হত্যা বন্ধে ইসরায়েলের
প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো। গতকাল শুক্রবার (১০
নভেম্বর) বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে মন্তব্য করেন তিনি।
এলিসি প্যালেসে প্রশ্নের মুখোমুখি হন
ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেন, গাজায় ফিলিস্তিনি বেসামরিক নারী ও শিশুদের ওপর বোমা
হামলার কোনো যুক্তি নেই।
যুদ্ধবিরতিতে ইসরায়েল লাভবান হবে বলেও
এ সময় মন্তব্য করেন মাখোঁ। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতাদেরও যুদ্ধবিরতির আহ্বান
জানানোর কথা বলেন মাখোঁ।
তিনি বলেন, যদিও ইসরায়েল আত্মরক্ষার
স্বার্থে এই হামলা অব্যহত রেখেছে, তারপরেও আমরা বলব গাজায় নির্বিচারে বোমা বর্ষণ বন্ধ
করতে হবে।
ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জানানোর
পাশাপাশি হামাসের আক্রমণকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানান।
ইমানুয়েল মাখোঁ বলেন, অন্যান্য পশ্চিমা দেশগুলোর মত ফ্রান্সও হামাসকে সন্ত্রাসী সংগঠন
মনে করে।
এদিকে ইসরায়েল বরাবরের মতোই যুদ্ধ চালিয়ে
নিতে নিজেদের অবস্থানে অনড়। তেল আবিবের দাবি, আন্তর্জাতিক আইন মেনেই যুদ্ধ করছে তারা।
হামলার আগে লক্ষ্যস্থল থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে সতর্কতা জারি করা হয় বলেও
দাবি করে আসছে।
গত ৭ অক্টোবরের হামলায় এক হাজার ৪০০
জনের বেশি ইসরায়েলি নিহত হয়। অন্যদিকে গাজায় নিহত হয় প্রায় ১১ হাজার, যাদের মধ্যে ৪০
শতাংশ শিশু। বাকিদের মধ্যে অর্ধেকই নারী। এছাড়া আহত ও নিখোঁজ রয়েছে হাজার হাজার বাসিন্দা।










