উৎক্ষেপণের কয়েক মিনিট পরই বিস্ফোরিত হয়েছে
স্পেসএক্সের আলোচিত রকেট স্টারশিপ। বৃহস্পতিবার (২০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের টেক্সাসে
স্পেসএক্সের নিজস্ব রকেট উৎক্ষেপণস্থল স্টারবেজ থেকে উৎক্ষেপণ করা হয় রকেটটি। উৎক্ষেপণের
সময় এতে কোনো যাত্রী ছিল না।
এক দশক ধরে রকেকটির সক্ষমতা দেখার অপেক্ষায়
ছিলেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বলা হয়,
১২০ মিটার দৈর্ঘ্যের স্টারশিপটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে শক্তিশালী রকেট। উৎক্ষেপণের
পর কাজ করছিল না স্টারশিপের একাধিক ইঞ্জিন। প্রথম ৪ মিনিটে প্রায় ৩৯ কিলোমিটার উচ্চতায়
পৌঁছানোর পরই বিস্ফোরিত হয়ে মেক্সিকো উপসাগরে গিয়ে পড়ে রকেটটি।
উৎক্ষেপণের পর রকেটটির ১৫০ কিলোমিটার উচ্চতায়
পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করার কথা ছিল এবং প্রদক্ষিণ শেষে হাওয়াই দ্বীপপুঞ্জের কাছে
প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ার কথা ছিল।
এদিকে, প্রথম উৎক্ষেপণ ব্যর্থ হওয়ায় কয়েক
মাসের মধ্যেই পরবর্তী পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন ইলন মাস্ক।










