বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে জাপানের তোমিকা ইতোকা ১১৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। জাপানি এই নারী ছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে বিশ্বের প্রবীণতম ব্যক্তি। জাপানের মধ্যাঞ্চলের হিওগো প্রশাসনিক অঞ্চলের আশিয়া শহরের একটি প্রবীণ নিবাসে গত ২৯ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন বলে জাপানের বয়স্ক নীতিমালা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইয়োশিৎসুগু নাগাতা জানিয়েছেন।
তোমিকো ইতোকা ১৯০৮ সালের ২৩ মে জন্মগ্রহণ করেন। গত বছর ১১৭ বছর বয়সে মারিয়া ব্রানিয়াসের মৃত্যুর পর তোমিকো বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান, যা জেরোন্টোলজি রিসার্চ গ্রুপ নিশ্চিত করেছিল।
ইতোকাকে যখন জানানো হয়েছিল যে তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তখন তিনি শুধু বলেছিলেন, ধন্যবাদ। গত বছর মেয়রের কাছ থেকে পাওয়া ফুল, কেক ও কার্ড দিয়ে জন্মদিন পালন করেন ইতোকা। আশিয়ার ২৭ বছর বয়সী মেয়র রিওসুকে তাকাশিমা বলেন, ‘মিস ইতোকা তার দীর্ঘ জীবনে আমাদের সাহস ও আশা জুগিয়েছেন। এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।’
ওসাকা শহরে জন্মগ্রহণকারী ইতোকা স্কুলে পড়ার সময় ভলিবল খেলতেন। তিনি দুইবার ৩ হাজার ৬৭ মিটার (১০ হাজার ৬২ ফুট) উচ্চতার মাউন্ট ওনটাকে আরোহণ করেছিলেন। ২০ বছর বয়সে বিয়ে করেন তিনি। তার দুই মেয়ে ও দুই ছেলে ছিল বলে গিনেস জানিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি তার স্বামীর টেক্সটাইল কারখানার অফিস পরিচালনা করতেন।
নাগাতা বলেন, ১৯৭৯ সালে তার স্বামীর মৃত্যুর পর তিনি নারা শহরে একা বসবাস করতেন। তিনি এক পুত্র, এক কন্যা ও পাঁচজন নাতি-নাতনি রেখে গেছেন। পরিবার ও বন্ধুদের নিয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
ইতোকা শুধু বিশ্বযুদ্ধ নয়, মহামারী ও প্রযুক্তি বিপ্লবেরও সাক্ষী। জেরোন্টোলজি রিসার্চ গ্রুপের তথ্যমতে, বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলেন ব্রাজিলের ১১৬ বছর বয়সী ইনাহ কানাবারো লুকাস। তিনি ইতোকার ১৬ দিন পর জন্মগ্রহণ করেছিলেন। খবর আল জাজিরা










