ওয়াগনার আধাসামরিক বাহিনীর বাখমুত দখলের
দাবির পর অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে কিয়েভ বলছে,
এখনো শহরটির পতন হয়নি। সঙ্গে এ আশঙ্কাও যোগ করেছেন যে পরিস্থিতি ‘সংকটজনক’। খবর বিবিসি।
গতকাল শনিবার (২০ মে) ওয়াগনারের প্রতিষ্ঠাতা
ইয়েভগেনি প্রিগোঝিন কিছু যোদ্ধার সঙ্গে তোলা ভিডিও পোস্ট করে শহরটি দখলের দাবি করেন।
এ দাবি প্রত্যাখ্যানের পাশাপাশি ইউক্রেনের
উপ-প্রতিরক্ষা মন্ত্রী স্বীকার করে নেন শহরের পরিস্থিতি ‘সংকটজনক’।
গত ফেব্রুয়ারিতে রুশ আক্রমণের পর সবচেয়ে
রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রের একটি বাখমুত। যেখানে গত আগস্ট থেকে দুইপক্ষ লড়ছে। সবচেয়ে
দীর্ঘ লড়াইয়ে রাশিয়ার পক্ষে নেতৃত্বে দিচ্ছে ওয়াগনার আধাসামরিক বাহিনী।
বিশ্লেষকরা বলছেন, মস্কোর জন্য শহরটির
কৌশলগত মূল্য খুব কম। কিন্তু এরই মধ্যে তারা হাজার হাজার সেনা হারিয়েছে।
রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমকে রুশ প্রেসিডেন্ট
পুতিন জানান, বিমান বাহিনীর যুদ্ধবিমানের সাহায্য নিয়ে গতকাল ‘বাখমুত মুক্ত
করার অভিযান’ সম্পন্ন করেছে ওয়াগনার গ্রুপ।
মস্কো বলছে, চলতি মাসের শেষ দিকে শহরটি
নিয়মিত সেনাদের হাতে হস্তান্তর করা হবে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাখমুত দখলের
দাবির পরপরই মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে এক বিবৃতিতে ইউক্রেনের উপ-প্রতিরক্ষা মন্ত্রী
হান্না মালিয়ার বলেন, বাখমুতে প্রচণ্ড যুদ্ধ চলছে। পরিস্থিতি খুবই সংকটজনক। এখন পর্যন্ত
আমাদের যোদ্ধারা কিছু শিল্প ও অবকাঠামো নিয়ন্ত্রণ করছে।
পশ্চিমা কর্মকর্তাদের অনুমান, এ অঞ্চলে
২০ থেকে ৩০ হাজার রুশ সেনা হতাহতের শিকার হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীকেও দিতে হয়েছে
চড়া মূল্য।
বর্তমানে বাখমুতের খুব কম ভবনই অক্ষত রয়েছে।
বেশির ভাগ বাসিন্দাই বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
গতকাল জাপানে অনুষ্ঠিতব্য শিল্পোন্নত দেশগুলোর জি৭ সম্মেলনে যোগ দেন। এরই মাঝে ওয়াগনারের
বাখমুত দখলের দাবি আসে।
এদিকে পশ্চিমা মিত্ররা এফ-১৬ ফাইটার জেটসহ
যুদ্ধে ইউক্রেনের সমর্থনে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে। সঙ্গে মস্কোর
ওপর চাপিয়ে দেয়া হয়েছে নতুন নিষেধাজ্ঞা।










