রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ব্যবস্থা না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি চান, পুতিনের সঙ্গে সম্ভাব্য শীর্ষ বৈঠকের আগে উভয়পক্ষ যেন নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়। খবর আনাদোলু এজেন্সি।

জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার বর্তমান প্রতিনিধি দল যুদ্ধবিরতির পক্ষে নয়। তারা সোজাসুজি জানিয়েছে, এটি দুই দেশের শীর্ষ নেতাদের বিষয়। তাই আমরা প্রস্তাব দিচ্ছি—নেতাদের বৈঠকের আগে যুদ্ধবিরতিতে যাওয়া হোক। আমি মনে করি, আমাদের আন্তর্জাতিক অংশীদাররাও এতে সমর্থন দেবেন।’

ইউক্রেনের প্রেসিডেন্টের ভাষায়, ‘আমরা যেকোনো দিন এ ধরনের বৈঠকে প্রস্তুত।’ তবে তিনি সতর্ক করে বলেন, যদি এ বৈঠক ফলপ্রসূ না হয়, তাহলে রাশিয়া একতরফাভাবে যুদ্ধবিরতি শেষ করতে পারে। তবে যদি আলোচনায় অগ্রগতি হয়, তাহলে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ এবং মধ্যস্থতাকারী হিসেবে থাকলে যুদ্ধবিরতি আরো বাড়ানো যেতে পারে।’

এর আগে গত সোমবার ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেনের দ্বিতীয় দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে ১৬ মে প্রথম দফার আলোচনা হয় একই শহরে। দ্বিতীয় দফায় উভয়পক্ষ আরো বন্দি বিনিময়ে সম্মত হয়। বিশেষ করে অল্প বয়সী এবং গুরুতর আহত বন্দিদের অগ্রাধিকার দেয়ার কথা হয়েছে।