যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার মধ্যে বৈঠক হয়েছে। বুধবার (১৪ মে) রিয়াদে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিততে এ বৈঠক হয়। ট্রাম্প ও শারার বৈঠকের মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর সিরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যায়ে বৈঠক হলো। যেটিকে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। খবর সিএনএন।
হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠকে সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। যেটির মাধ্যমে ২০২০ সালে চারটি আরব দেশ দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল।
আইএসআইএল যেন ফিরে আসতে না পারে সেজন্য যথাযথ পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছেন ট্রাম্প। জবাবে শারা বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও রাসায়নিক অস্ত্র ধ্বংসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একই নীতি অবলম্বন করে সিরিয়া।
এর আগে গতকাল সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। দীর্ঘদিন ধরেই সিরিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্র, যে কারণে দেশটির ত্রাণ থেকে শুরু করে আর্থিক সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়েছিল।
এদিকে দুইদিনের সফর শেষে সৌদি আরব ছেড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ সফরে সৌদির সঙ্গে ৬০০ বিলিয়ন ডলারের চুক্তি, আরব নেতাদের সঙ্গে আলোচনা ও বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করেন তিনি। তার পরবর্তী গন্তব্য কাতার।










