হামাসের ৭ অক্টোবরের হামলা ইসরায়েলিদের মানসিক স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলেছে। নতুন এক সমীক্ষা অনুসারে, প্রতি তিনজনে একজন ইসরায়েলির আচরণে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের (পিটিএসডি) সঙ্গে মিল আছে এমন উৎসর্গ পাওয়া গেছে।

যৌথভাবে এ গবেষণা করেছে আচভা একাডেমিক কলেজ, হাইফা ইউনিভার্সিটি ও কলাম্বিয়া ইউনিভার্সিটির গবেষকরা। এ সমীক্ষায় অংশ নেন ১৮ বছর বা তার বেশি বয়সী ৪২০ জন ইসরায়েলি। তাদের সাম্প্রতিক এ ঘটনা ও পরবর্তী পর্যায়ে প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করা হয়।

উত্তরদাতাদের মধ্যে, ৩৪ শতাংশের মধ্যে পিটিএসডির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপসর্গ ছিল। যারা সরাসরি আক্রমণের সম্মুখীন হয়েছেন বা কাছের কাউকে হারিয়েছেন তাদের ক্ষেত্রে এ সংখ্যা ৫০ শতাংশের বেশি।

পিটিএসডি সাধারণত কিছু মানসিক অবস্থাকে বর্ণনা করে। যেখানে আক্রান্ত ব্যক্তি প্রায়শই দুঃস্বপ্ন ও ফ্ল্যাশব্যাকের মাধ্যমে অতীতের কোনো ঘটনাকে স্মরণ করেন। এ সময় বিচ্ছিন্নতা, বিরক্তি ও অপরাধবোধের অনুভূতি ঘিরে ধরে তাকে।

এদিকে গাজায় ইসরায়েলের আক্রমণে প্রতি ঘণ্টায় বেড়ে চলেছে হতাহতের সংখ্যা। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি দৈনিক হিসেবে সর্বোচ্চ মৃত্যু।

ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় ১৫ হাজার ৫২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কেদরা এক সংবাদ সম্মেলনে  আরো জানান, আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৩১৬ জন।

আল-কেদরা জানান, ৭ অক্টোবরের পর গাজায় ২৮১ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক।