স্যাটেলাইট কার্যক্রমে যেকোনো ধরনের হস্তক্ষেপকে বরদাশত করবে না উত্তর কোরিয়া। এ হস্তক্ষেপকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়ে দেশটি। একই সঙ্গে ওয়াশিংটনকে সর্তক করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলছে, স্যাটেলাইট ব্যবস্থায় হামলা করলে পাল্টা ব্যবস্থা নিতে পিছপা হবে না পিয়ংইয়ং। খবর রয়টার্স।
সম্প্রতি প্রথমবারের মতো সফলভাবে মহাকাশে সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। এ স্যাটেলাইট দিয়ে এরই মধ্যেই জাপান ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার ছবি তোলার দাবি করেছে দেশটি। পিয়ংইয়ংয়ের স্যাটেলাইট অভিযানে বাধা দেয়ার ক্ষমতা ওয়াশিংটনের আছে কিনা, জানতে চাইলে রেডিও ফ্রি এশিয়া (আরএফএ) চ্যানেলকে মার্কিন মহাকাশ বাহিনীর এক মুখপাত্র বলেছিলেন, ‘বিভিন্ন উপায়ে প্রতিপক্ষের মহাকাশ সক্ষমতা হ্রাস করতে পারে যুক্তরাষ্ট্র।’ তার এ জবাবের পরপরই ওয়াশিংটনকে এমন হুশিয়ারি দিলো পিয়ংইয়ং।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার স্যাটেলাইট ব্যবস্থায় বাধা দেয় তাহলে মার্কিন গোয়েন্দা স্যাটেলাইট ধ্বংসের মাধ্যমে পাল্টা জবাব দেবে পিয়ংইয়ং। বিবৃতিতে আরো বলা হয়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অবৈধ ও অন্যায়ভাবে যুক্তরাষ্ট্র যদি একটি সার্বভৌম রাষ্ট্রের বৈধ সীমা লঙ্ঘনের চেষ্টা করে তবে আত্মরক্ষায় পাল্টা ব্যবস্থা নেবে দেশটি।
এদিকে, উত্তর কোরিয়া গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পর বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।










