জিম্বাবুয়ের মধ্যাঞ্চলে চার্চ সদস্যদের বহনকারী একটি মিনিবাসে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা।
পুলিশের মুখপাত্র পল নিয়াথি জানান, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানী হারারে থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে চিভুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, একটি গাড়িকে ওভারটেক করার সময় পণ্যবাহী ট্রাকটি মিনিবাসকে ধাক্কা দেয়। মিনিবাসটিতে একটি খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা ছিলেন। একটি সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন তারা।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসি নিউজ প্রাদেশিক সরকারের এক মন্ত্রীর বরাত দিয়ে জানায়, দুর্ঘটনাস্থলেই ২৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো কয়েকজন মারা যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে জেডবিসির প্রকাশ করা ভিডিওতে দুর্ঘটনায় মিনিবাসটি পুড়ে প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যেতে দেখা যায়। রাস্তার বিপরীত পাশে ছিল পণ্যবাহী ট্রাকটি।
জিম্বাবুয়ের সড়কে সাম্প্রতিক সময়ে প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা বেড়েছে। বছরের পর বছর অব্যবস্থাপনা ও পর্যাপ্ত অর্থায়নের অভাবে দেশটির অনেক সড়কের বেহাল অবস্থা।
দৈনন্দিন যাতায়াতে দেশটির বড় একটি অংশ বেসরকারিভাবে পরিচালিত মিনিবাস ট্যাক্সির ওপর নির্ভরশীল। স্থানীয়ভাবে ‘কোম্বি’ নামে পরিচিত এসব যানবাহনের বিরুদ্ধে প্রায়ই অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ ওঠে।
এর আগে এপ্রিলে দেশটির দক্ষিণাঞ্চলের একটি মহাসড়কে মিনিবাসে আগুন লেগে অন্তত ১৮ জন নিহত হন। একই মাসের শুরুতে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার সংযোগকারী আরেকটি মহাসড়কে পণ্যবাহী ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে এক নারী ও তার পাঁচ সন্তান নিহত হন।










