ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সংঘাত নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে ব্রাজিল। আগামীকাল শুক্রবার (১২ অক্টোবর) এ বৈঠক বসার কথা রয়েছে বলে বুধবার জানিয়েছে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়।


মন্ত্রণালয়ের এক বিবৃতি উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা ব্রাসিলিয়ার ডাকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিতে নিউইয়র্ক ভ্রমণের জন্য একটি আন্তর্জাতিক সফর বিঘ্নিত করেছেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রোববারের বৈঠকে সদস্য দেশগুলো ইসরাইল ও ফিলিস্তিন সংশ্লিষ্ট নীতি নিয়ে বিভক্ত হয়ে পড়ে। পরে বুধবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ফিলিস্তিনি ও ইসরাইলি বেসামরিক নাগরিকদের, বিশেষ করে শিশুদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লুলা লিখেছেন, বিশ্বের কোথাও কখনই শিশুদের জিম্মি করা উচিত না। যুদ্ধের উন্মাদনার ক্ষেত্রে ন্যূনতম মানবতা বজায় রাখা উচিত।

এদিকে, ফিলিস্তিনি ছিটমহলে ইসরাইলের ভারী বোমাবর্ষণে গাজা উপত্যকার ৩ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, গাজা উপত্যকা জুড়ে ব্যাপক বাস্তুচ্যুতি অব্যাহত রয়েছে। বুধবার দিনের শেষ নাগাদ গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২৪ ঘণ্টা আগে প্রদত্ত পরিসংখ্যান থেকে আরো ৭৫ হাজার বেড়ে এ সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৯৩৪ জনে পৌঁছেছে।