খরাবিধ্বস্ত কৃষি খাতে সহায়তার লক্ষ্যে তহবিল গঠন করছে আর্জেন্টিনা। নতুন ফসলি মৌসুমে এ খাতে ৩৯ কোটি ৪০ লাখ ডলার ঋণ দেবে দেশটির সরকার। নজিরবিহীন খরায় কৃষকদের ক্ষতি ও দেশের অভ্যন্তরে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় নেয়া হয়েছে সিদ্ধান্তটি। এমনটাই জানিয়েছে দেশটির উন্নয়ন পরিকল্পনা মন্ত্রণালয়। খবর রয়টার্স। 

আর্জেন্টিনা বিশ্বের প্রধান সয়াবিন রফতানিকারী দেশ। একই সঙ্গে ভুট্টা ও গম রফতানিতেও রয়েছে প্রথম সারিতে। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহৎ অর্থনীতির এ দেশ কৃষি খাতের ওপর অত্যন্ত নির্ভরশীল। বৈদেশিক মুদ্রা, ঋণ পরিশোধ কিংবা আমদানিতেও সহযোগিতা করে কৃষি অর্থনীতি। তবে সম্প্রতি ২০২২-২৩ মৌসুমের উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে দেশটিতে সৃষ্ট স্মরণকালের ভয়াবহতম খরার কারণে।

আর্জেন্টিনার উন্নয়ন পরিকল্পনামন্ত্রী হোর্হে নেমে জানিয়েছেন, নতুন উদ্যোগের মাধ্যমে দেশের আরো ১৯ লাখ হেক্টর জমি চাষাবাদের আওতায় আনা হবে। এরই মধ্যে ত্রিশটির বেশি চাষ পরিকল্পনা গ্রহণ করেছে আর্জেন্টিনা। 

গৃহীত পরিকল্পনার অর্থায়ন করা হবে নিজস্ব তহবিল থেকেই। যদিও তাতে সহযোগিতা করবে বিশ্বব্যাংক, আন্তঃআমেরিকা উন্নয়ন ব্যাংক, ডেভেলপমেন্ট অব ল্যাটিন আমেরিকা।