ইসরায়েলের চলমান হামলার মাঝেই গাজায় নিহত হলেন তেল আবিবের মন্ত্রী
ও প্রাক্তন সামরিক প্রধান গাদি আইজেনকোটের ছেলে। হামাসের সঙ্গে লড়াইয়ে তিনি নিহত হয়েছেন
বলে জানিয়েছে ইসরায়েলের জাতীয় ঐক্য পার্টির নেতা বেনি গ্যান্টজ। গতকাল বৃহস্পতিবার
(৭ ডিসেম্বর) তিনি এ তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্স।
গ্যান্টজও একজন সাবেক সেনা সদস্য। গত ৭ অক্টোবর হামাসের আক্রমণের
পর গ্যান্টজ ও আইজেনকোট প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সরকারে যোগ দেন। গাজায়
ইসরায়েলি হামলার রূপরেখা তৈরিতে সরকারে নিয়ে আসা হয়েছিল তাদের।
তবে ২৫ বছর বয়সী গাল মেই আইজেনকোটের মৃত্যুর খবর ছাড়া বিস্তারিত তথ্য
দেয়নি আইডিএফ।
গ্যান্টজ এক বিবৃতিতে গালের মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেছেন। তিনি
বলেন, সমস্ত ইসরায়েলিসহ তার পুরো পরিবারের প্রতি আমাদের সমর্থন জানাচ্ছি। আমরা একটি
পবিত্র কারণে লড়াই করছি, সেখানে গাল নিহত হয়েছেন।
পৃথক আরেক বার্তায় গালের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ইসরায়েলের
প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
এদিকে ইসরায়েলের হামলার মুখে বেড়েই চলেছে গাজায় হতাহতের সংখ্যা। গতকাল
হামাস নিয়ন্ত্রিত উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক সংবাদ
সম্মেলনে বলেন, গত ৭ অক্টোবর শুরু হওয়া হামলায় ১৭ হাজার ১৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
নিহতদের প্রায় ৭০ শতাংশ শিশু ও নারী।
তিনি আরো বলেন, অবরুদ্ধ এ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরো
৪৬ হাজার মানুষ আহত হয়েছেন।
হামাসের সঙ্গে এক সপ্তাহব্যাপী মানবিক বিরতির পর ইসরায়েল গাজা উপত্যকায়
১ ডিসেম্বর থেকে পুনরায় সামরিক অভিযান শুরু করেছে। এতে প্রতিদিন নিহত হচ্ছেন শতশত
মানুষ।
গত ৭ অক্টোবর ইসরায়েলের কাঁটাতারের বেড়া অতিক্রম করে হামলা করে হামাস
যোদ্ধারা। সরকারী পরিসংখ্যান অনুসারে ওই দিন এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছেন।










