ঘন কুয়াশায় ঢাকা পড়েছে ভারতের উত্তরাঞ্চল। দিল্লিসহ পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ে রেড অ্যালার্ট জারি করেছে স্থানীয় প্রশাসন। সড়ক পথে জটিলতার পাশাপাশি দিল্লি বিমানবন্দর থেকে উড়তে পারেনি শতাধিক ফ্লাইট। ব্যাহত হচ্ছে রেল যোগাযোগও। খবর এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) উত্তর ভারত ঘন কুয়াশায় ঢেকে যাওয়ার পর দিল্লি বিমানবন্দরে ১৩৪টি ফ্লাইট ব্যাহত হয়েছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়ক পথে যানবাহনের চলাচল ও রেল পরিষেবা ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতিতে দিল্লিগামী ২২টির মতো ট্রেন বিলম্বিত হয়েছে বলে জানা গেছে। কুয়াশার পাশাপাশি ভারী ঠাণ্ডায় স্টেশনে বিপাকে পড়েছেন অপেক্ষমান যাত্রীরা।

অন্যদিকে দিল্লির বায়ুর মানেও পড়েছে নেতিবাচক প্রভাব। আজ সকালে আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) দিল্লির স্কোর ৩৫৬। দিল্লিতে বাতাসের মানসূচকে এ স্কোরকে আগামী দুইদিনের জন্য খুব অস্বাস্থ্যকর বলে উল্লেখ করা হয়েছে।

সড়ক কুয়াশায় আচ্ছন্ন থাকায় উত্তরের প্রদেশজুড়ে বেশ কয়েকটি সংঘর্ষের কথা জানা গেছে। আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে একাধিক যানবাহনের সংঘর্ষে একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।