পাকিস্তানের উত্তরাঞ্চলে তুষারধসে নারী ও শিশুসহ যাযাবর গোষ্ঠীর কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন। দলটি ছাগলের পাল নিয়ে শাউন্টার পাসের পাহাড়ী এলাকা অতিক্রম করার সময় এই বিপর্যয়ের মুখোমুখি হয়। খবর বিবিসি।

গতকাল শনিবার (২৭ মে) ভোরে ঘটনাটি ঘটে। পাসের এ অংশ গিলগিট বাল্টিস্তান ও পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের সঙ্গে সেতু হিসেবে কাজ করে।

সিনিয়র পুলিশ অফিসার জিয়ারাত আলী বলেছেন, নিহতদের মধ্যে চার নারী ও চার বছরের একটি ছেলে শিশু রয়েছে।

দুর্গম অবস্থানের কারণে উদ্ধারকারী দলকে ওই এলাকায় পৌঁছাতে বাধা পেতে হয়েছে।

স্থানীয় বাসিন্দারাও বরফের নিচে আটকে পড়া লোকদের উদ্ধারের প্রচেষ্টায় যোগ দেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে তুষারপাতের মতো ঘটনা বাড়ছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে পাকিস্তানে এ ধরনের ঘটনা বাড়ছে। পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলোকে এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য পুরো বিশ্বকে দায়িত্ব পালন করতে হবে।

পাকিস্তানের উত্তরাঞ্চল জলবায়ু পরিবর্তনের জন্য ঝুঁকিপূর্ণ ও ঘন ঘন চরম হয়ে উঠছে।

উত্তরাঞ্চলকে কখনও কখনও ‘তৃতীয় মেরুর’ অংশ হিসাবে উল্লেখ করা হয়। মেরু অঞ্চলের বাইরে এখানে বিশ্বের যেকোনো স্থানের চেয়ে বেশি হিমবাহী বরফ রয়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে এই বিশাল হিমবাহের কিছু এরই মধ্যে গলে গেছে। যার ফলে তিন হাজারের বেশি হ্রদ তৈরি হচ্ছে। গত বছর বিধ্বংসী বন্যায় পাকিস্তানের এক হাজার ৭০০ এর বেশি মানুষ নিহত হন।