প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ, গাজায় আটক নাগরিকদের মুক্তি ও যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ইসরায়েলে।

গতকাল শনিবার (৬ জানুয়ারি) তেল আবিব ও জেরুজালেমের সড়কে নেমে আসেন বিক্ষুব্ধ জনতা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের হোস্টেজ স্কয়ারে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। তবে শনিবারের উপস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ছিল।

এর আগে কয়েকশ’ বিক্ষোভকারী সমাগম হলেও গতকাল তা বেড়ে দাঁড়ায় কয়েক হাজারে।

আল-জাজিরার প্রতিবেদক সারা খাইরাত বলেন, এটা নজিরবিহীন ঘটনা। কারণ গাজায় ইসরায়েলের হামলার শুরু থেকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলা হচ্ছিল।

বিক্ষোভ থেকে ‘লজ্জা, লজ্জা, লজ্জা’ ধ্বনি উঠে গতকাল। এসময় ৭ অক্টোবরের ঘটনার জন্য নেতানিয়াহু ও তার সরকারকে দায়ী করা হয়।

বিক্ষোভকারীরা গাজায় আটক শতাধিক নাগরিককে দেশে ফেরানোর দাবি জানান।