উড়োজাহাজ দুর্ঘটনার দুই সপ্তাহেরও বেশি সময় পর কলম্বিয়ায় আদিবাসী গোষ্ঠীর চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাদের একজনের বয়স ১১ মাস। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভ পেট্রো জানান, দক্ষিণ অঞ্চলে ঘন জঙ্গলে আকাশযানটি বিধ্বস্ত হয়েছিল। খবর রয়টার্স।

গতকাল বুধবার (১৭ মে) ক্যাকুয়েটা প্রদেশে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্যরা এই শিশুদের উদ্ধার করে।

গত ১ মে ওই দুর্ঘটনা ঘটে। সেসনা ২০৬ মডেলের প্লেনটিতে যাত্রী ছিল সাতজন। ইঞ্জিনের বিভ্রাটের কারণে ঘন জঙ্গলে ভেঙে পড়ে।

‘দেশের জন্য আনন্দের খবর’ উল্লেখ করে প্রেসিডেন্ট পেট্রো গতকাল এক টুইট বার্তায় বলেন, আমাদের সেনাবাহিনীর কঠোর অনুসন্ধানের পরে গুয়াভিয়ারে উড়োজাহাজ দুর্ঘটনায় নিখোঁজ চার শিশুকে জীবিত পেয়েছে।

দুর্ঘটনায় পাইলটসহ তিন প্রাপ্তবয়স্ক যাত্রী মারা যান। তাদের মৃতদেহ বাহনের ভেতরে পাওয়া গেছে। উদ্ধার হওয়া শিশুদের বয়স ১৩, ৯ ও ৪ বছর। তাদের সঙ্গে রয়েছে ১১ মাস বয়সী আরেক শিশু।

উড়োজাহাজটি মাটিতে আছড়ে পড়ার পর শিশুরা বেরিয়ে আসে। তারা নিজেদের মতো আশ্রয় বানিয়ে নেয় ও জঙ্গলের ফল খেয়ে বেঁচেছিল। পরে অনুসন্ধান কুকুরের মাধ্যমে উদ্ধারকারীরা তাদের খুঁজে পায়।