জো বাইডেনের ‘মানবিক বিরতি’র আহ্বান
প্রত্যাখান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্টের
বার্তা নিয়ে গতকাল শুক্রবার (৩ নভেম্বর) তেল আবিব পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি
ব্লিংকেন। কিন্তু ‘মানবিক বিরতি’ সংক্রান্ত যেকোনো প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছেন
নেতানিয়াহু।
পরে ব্লিংকেন বলেন, হামাসের হাতে আটক
জিম্মিদের মুক্তি না দিলে ইসরাইল ‘পূর্ণ শক্তিতে এগিয়ে যাবে’।
বিমান হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর
সপ্তাহ খানেক আগে গাজা অভিমুখে স্থল হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
গাজার মূল শহরকে সেনারা ঘিরে রেখেছে বলে কয়েকদিন আগে জানান বাহিনীর কর্মকর্তারা।
গাজার এ হামলায় প্রধান মিত্র হিসেবে
যুক্তরাষ্ট্রেকে পাশে পেয়েছে ইসরায়েল। ওয়াশিংটন সংঘাতের শুরুতেই অস্ত্র পাঠিয়ে সাহায্য
করেছে। এছাড়া যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে। জাতিসংঘ ও অন্যান্য
দেশের প্রস্তাব সত্ত্বেও শুরুতে ‘যুদ্ধবিরতি’র বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। সম্প্রতি
জিম্মিদের গাজা থেকে বের করে আনতে ‘মানবিক বিরতি’র প্রস্তাব দিয়েছেন জো বাইডেন।
গত ৭ অক্টোবর হামাস ও তেল আবিবের মধ্যে
যুদ্ধ শুরু হওয়ার পর এটি ব্লিংকেনের তৃতীয় ইসরায়েল সফর করছেন। রয়টার্সের খবরে বলা
হয়েছে, আজ শনিবার তিনি জর্ডানের নেতাদের সঙ্গে দেখা করতে চলেছেন।
হামাসের হামলায় এক হাজার ৪০০ এর বেশি
ইসরায়েলি মারা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সেনা রয়েছে। এছাড়া জিম্মি হিসেবে
বন্দি আছে দুই শতাধিক ইসরায়েলি ও অন্য দেশের নাগরিক। অন্যদিকে ইসরায়েলি হামলায় গাজায়
নিহত হয়েছে নয় হাজারের বেশি। যাদের বেশির ভাগই নারী ও শিশু।
এছাড়া অধিকৃত পশ্চিম তীরে পৃথক হামলায়
১৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।










