কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (২৪ জুন) এই হামলা সংঘটিত হয় বলে জানান স্থানীয় কর্মকর্তারা। খবর ভয়েস অব আমেরিকা।

বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভের আশপাশের আকাশসীমায় ২০টিরও বেশি রুশ ক্ষেপণাস্ত্র ভূপতিত করেছে।

এ নিয়ে জুনে ইউক্রেনের রাজধানীতে অষ্টমবার রাশিয়া হামলা করল বলে জানালেন শহরটির সামরিক প্রশাসনের প্রধান সের্হি পোপকো।

আরো জানান, রুশ ক্ষেপণাস্ত্র হামলার কারণে ধ্বংসাবশেষ পড়ে কিয়েভের একটি ২৪ তলা ভবনের বেশ কয়েকটি তলায় আগুন ধরে যায়।

দিনিপ্রো শহরে ক্ষেপণাস্ত্র হামলায় ৪টি বাড়ি ধ্বংস হয়। এ ঘটনায় তিন শিশুসহ ১১ জন আহত হন। কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রাশিয়ার সীমান্তের ঠিক দক্ষিণে অবস্থিত ১০ লাখ মানুষের শহর খারকিভের গ্যাস সংযোগ লাইন আক্রান্ত হলে এতে আগুন ধরে যায়। মেয়র ইহর তেরেখভ জানান, শহরের দিকে ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। ক্রেমেনচুকেও বিস্ফোরণের বিষয়ে তথ্য জানা গেছে।