পরিস্থিতি নিজেদের আয়ত্বে রয়েছে বললেও দুইদিনে গাজায় ১৩ সেনা হারিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এর মধ্যে শুক্রবার (২২ ডিসেম্বর) পাঁচজন ও গতকাল শনিবার আটজন সেনা হামাসের নানামুখী হামলায় নিহত হয়েছে।

‘পরিস্থিতি বলছে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে নেই গাজা’ শিরোনামে এক প্রতিবেদনে এ তথ্য দেন আল-জাজিরার প্রতিবেদক অ্যালান ফিশার। সেখান বলা হয়, গাজায় একটি কঠিন সপ্তাহান্ত পার করছে আইডিএফ।

এর আগে ইসরায়েলি মুখপাত্র অনেকবার বলেছেন, তাদের লক্ষ্যবস্তু হলো হামাসের সুড়ঙ্গগুলো। অন্যদিকে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালিয়ে আসছে। শনিবার নিহত আটজনের মধ্যে কেউ গাইডেড ক্ষেপণাস্ত্রের আঘাতে, কেউ রকেট ফায়ারে বা মারাত্মক সংঘর্ষের কবলে পড়েন।

ইসরায়েলিরা বলে আসছে, উত্তর গাজা তাদের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু সেখানে এখনো তারা সৈন্য হারাচ্ছে। একইসঙ্গে ওই এলাকা থেকে ইসরায়েলের দিকে রকেট ছোঁড়া হচ্ছে। যা ইঙ্গিত করে যে অঞ্চলটি তেল আবিবের নিয়ন্ত্রণ নেই। যুদ্ধের এ পর্ব আরো দীর্ঘ হতে পারে।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছিলেন, যুদ্ধের বর্তমান পরিস্থিতি নতুন পর্যায়ে যাওয়ার আগে ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকতে পারে। পরিস্থিতি সম্ভবত সে দিকেই গড়াচ্ছে।

গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে। ওই অভিযানে প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়। এছাড়া প্রায় ২৪০ জনকে জিম্মি করা হয়।

অন্যদিকে ইসরায়েলের সর্বাত্মক হামলায় গাজায় নিহত ২০ হাজার ছাড়িয়েছে ও আহত হয়েছেন ৫৩ হাজারের বেশি মানুষ। বাস্তচ্যুত হয়েছেন প্রায় ১৯ লাখ মানুষ।