ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে উত্তর কোরিয়া। এমন অভিযোগ করেছেন মার্কিন কর্মকর্তারা। খবর বিবিসি।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি অভিযোগ করে বলেছেন, ‘রাশিয়াকে এক হাজার কনটেইনার ‘‘সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র’’ সরবরাহ করেছে পিয়ংইয়ং।’
সম্প্রতি কিরবি জানান, ‘ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে তিখোরেটস্কের একটি ডিপোতে সাগর ও রেলপথে সরঞ্জামগুলো পাঠানো হয়েছে। সরবরাহ করা যুদ্ধাস্ত্রের ধরন উল্লেখ করেননি কিরবি। তবে যুক্তরাষ্ট্র এর আগেও মস্কোর বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের কাছ থেকে রকেট ও কামানের গোলা কেনার অভিযোগ তুলেছিল।
মার্কিন গোয়েন্দা সংস্থা বলেছে, ৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এ অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া। একটি ছবি প্রকাশ করে মার্কিন কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়ার নাজিনে ৩০০টি কনটেইনার জড়ো করা হয়েছে।
এদিকে গত মাসে সম্ভাব্য সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে রাশিয়া সফরে গিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।










