ভারতের গোয়ার জনপ্রিয় পর্যটন অঞ্চলের একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন পর্যটক এবং বেশির ভাগই নাইট ক্লাবের কর্মী।৷খবর এনডিটিভি, বিবিসি।

উপকূলীয় রাজ্যের উত্তরে আরপোরার একটি ক্লাবে মধ্যরাতে ঘটে যাওয়া ওই অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এক বিবৃতিতে বলেন, ‘অগ্নিকাণ্ডে ২৫ জন প্রাণ হারিয়েছেন ও ছয়জন আহত হয়েছেন। আজ আমাদের সবার জন্য একটি অত্যন্ত বেদনাদায়ক দিন।’

আরব সাগরের তীরে অবস্থিত সাবেক পর্তুগিজ উপনিবেশ গোয়া। সেখানকার রাতের জীবন, বালুকাময় সৈকত ও শান্ত উপকূলীয় পরিবেশ প্রতি বছর লাখ লাখ পর্যটককে আকৃষ্ট করে।

রাজ্য পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত মধ্যরাতের পরে সিলিন্ডার বিস্ফোরণের কারণে নাইট ক্লাবে আগুন লেগেছে। তবে কিছু প্রত্যক্ষদর্শীর দাবি, ক্লাবের প্রথম তলায় আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল যেখানে পর্যটকরা নাচছিলেন। গোয়ার অগ্নিনির্বাপক প্রধান নীতিন ভি. রাইকার ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি তথ্য পেয়েছি যে একটি ক্লাবে একটি পার্টি চলছিল, এতে আতশবাজির আয়োজন করা হয়। আতশবাজির আগুন থেকে ক্লাবের কাঠের অংশে আগুন লেগে যায় এবং ধোঁয়া পুরো ভবনজুড়ে ছড়িয়ে পড়ে।’

মুখ্যমন্ত্রী সাওয়ান্ত জানান, গোয়ায় এই প্রথম এমন ঘটনা ঘটল। নাইট ক্লাবের মালিক ও জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হবে। তিনি বলেছেন, ‘আরপোরায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা থেকে উদ্ভূত পরিস্থিতি আমি নিবিড়ভাবে পর্যালোচনা করছি। আহতদের অবস্থা স্থিতিশীল এবং তাদের সর্বোত্তম চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। কারণ চিহ্নিত করতে এবং দায়বদ্ধতা নির্ধারণের জন্য আমি পুরো ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি।’