একুয়েডরে সরকার ঘোষিত জরুরি অবস্থার মধ্যেই পালিয়েছে ৪৩ কারাবন্দী। গতকাল সোমবার (১৫ জানুয়ারি) লাতিন আমেরিকার দেশটির উত্তরাঞ্চলীয় এসএনএআইয়ের কারা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স।

পলাতক বন্দীদের আটক করতে সারা দেশে অভিযান শুরু করেছে একুয়েডরের নিরাপত্তা বাহিনী।

এর আগে গত ৮ জানুয়ারি দেশটিতে ৬০ দিনের জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। অপরাধী চক্রের এক নেতা কারাগার থেকে পালানোর পর এ ব্যবস্থা নেয়া হয়।

মূলত সংঘবদ্ধ অপরাধী চক্রের সহিংসতা বাড়ায় এমন সিদ্ধান্ত নেন নোবোয়া।

কয়েক দিন আগে এক টিভি স্টেশনের স্টুডিওতে ঢুকে তান্ডব চালায় কয়েকজন দুর্বৃত্ত। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের খবরও জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

সম্প্রতি অপরাধ চক্রের সহিংসতায় নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে একুয়েডরের জনগণ। অন্যদিকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অভিযান শুরু করছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যেই শোনা গেল জেল পালানোর এ খবর।

গত বছরের নভেম্বরে একুয়েডরের প্রেসিডেন্টের দায়িত্ব নেন তরুণ ব্যবসায়ী ও রাজনীতিক নোবোয়া। ওই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার প্রত্যয় জানান তিনি। এরপর এটাই নোবোয়ার নেয়া সবচেয়ে কঠোর পদক্ষেপ।