পরিকল্পিত হামলা চালিয়ে রাশিয়ার তিনটি এসইউ-৩৪ বোমারু যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও সামরিক কর্মকর্তারা এ দাবি করেন। খবর রয়টার্স।

একদিনে প্রতিপক্ষের তিন যুদ্ধবিমান ভূপাতিতের বিষয়টিকে বড় সাফল্য হিসেবে অভিহিত করেছে কিয়েভ। যদিও বিমান ভূপাতিতের বিষয়ে কোনোকিছু জানায়নি রাশিয়ার সেনাবাহিনী। তবে রাশিয়ান যুদ্ধ ব্লগাররা দক্ষিণাঞ্চলে বিমান ধ্বংসের বিষয়টি স্বীকার করেছেন। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের পাঠানো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানগুলো ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি এক ভিডিও ব্রিফিংয়ে যুদ্ধবিমান ভূপাতিতের বিষয় নিয়ে কথা বলেন। এ সময় খেরসন প্রদেশের ওডেশা অঞ্চলের বিমান বিধ্বংসী ইউনিটের প্রশংসা করেন তিনি। তবে রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের এ দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি তারা।

রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম ইউরেশিয়া ডেইলি জানিয়েছে, বিমান বিধ্বস্তের যে দাবি ইউক্রেন করছে, সেটি বিশ্বাসযোগ্য। কারণ তাদের কাছে যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র রয়েছে, সেটি ১৬০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

যুদ্ধের শুরুর দিকে খেরসনের বিস্তৃত অঞ্চল দখল করে নেয় রাশিয়ান সেনাবাহিনী। গত নভেম্বরে হারানো অঞ্চল পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেনের সেনারা। পাল্টা আক্রমণের অংশ হিসেবে খেরসনের দানিপ্রো নদীর পূর্ব তীরে অবস্থান নিয়েছে তারা।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারো ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার কিয়েভ ও আশপাশের বিস্তৃত এলাকায় এ হামলা চালানো হয়। তবে হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো এক টেলিগ্রাম পোস্টে লিখেছেন, ‘‌রাতের আঁধারে শহরের কেন্দ্রের দক্ষিণে অবস্থিত সোলোমিয়ানস্কি এলাকায় বহুতল আবাসিক ভবনে ড্রোন আঘাত করে। এতে ভবনের ওপরের তলায় আগুনের সূত্রপাত হয়। যদিও সে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।’

ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, হামলার শিকার ভবনের বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুজন আহত হয়েছে এবং তাদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন। 

ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, সর্বশেষ হামলায় রাশিয়া মোট ২৮টি ড্রোন ছুড়েছে। তার মধ্যে তারা ২৪টি ড্রোন ভূপাতিত করেছে। তবে এ হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।