মেক্সিকোর দক্ষিণাঞ্চলের পাহাড়ি সড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত
২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৯ জন। গতকাল বুধবার (৫ জুলাই) ওহাকা রাজ্যে এ দুর্ঘটনা
ঘটে। খবর রয়টার্স।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে একটি খাড়া পাহাড়ের নিচে গাড়ির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। সেখানে কাজ করছেন উদ্ধারকারীরা। কর্মকর্তারা জানান, খাদটি ৪০ ফুটের বেশি গভীর।
হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন ওহাকার প্রসিকিউটর বার্নার্দো রদ্রিগেজ আলামিল্লা। দুর্ঘটনার কারণ সম্পর্কে বলেন, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত পেয়েছেন তারা।
স্থানীয় পরিবহন সংস্থার বাসটি মঙ্গলবার রাতে রাজধানী মেক্সিকো সিটি থেকে যাত্রা করে। এটি সান্তিয়াগো ডি ইয়োসোন্ডুয়া শহরের দিকে যাচ্ছিল।
দ্রুত গতি, পরিবহনের নাজুক অবস্থা ও চালকের অবসাদের কারণে মেক্সিকোতে
সড়ক দুর্ঘটনা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। দেশটির মহাসড়কে মালবাহী ট্রাকের দুর্ঘটনাও
বেড়েছে।
গত মে মাসে, পশ্চিমের নয়ারিত রাজ্যে বাস খাদে পড়ে অন্তত ১৮ মেক্সিকান
পর্যটক নিহত হন। একই মাসে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য তামাউলিপাসে মহাসড়কে ভ্যান ও একটি
সেমি-ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হন। গতকালও আরেক দুর্ঘটনায় আটজন আহত হন।










