ফিয়াট টোপোলিনো নামে ছোট ও পুরোপুরি বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) মার্কিন বাজারে আনার ঘোষণা দিয়েছে স্টেলান্টিস। গাড়িটি ঠিক কখন উন্মোচন হবে, জানায়নি ক্রাইসলারের প্যারেন্ট প্রতিষ্ঠানটি। তবে ফিয়াটের সিইও অলিভিয়ে ফ্রাঁসোয়া নিশ্চিত করেছেন, নতুন এ ইভি মার্কিন বাজারে আসছে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে আগামী বছর।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জাপানের ছোট আকারে কার কেইর প্রশংসা করেন। তিনি বলেন, ‘ওগুলো খুবই ছোট। সত্যিই খুব সুন্দর।’

হোয়াইট হাউজের ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্টেলান্টিসের সিইও অ্যান্তোনিও ফিলোসা, মার্কিন আইনপ্রণেতা ও অন্যান্য অটোমোটিভ নির্বাহীরা। ট্রাম্পের এ মন্তব্যের এক সপ্তাহের কম সময়ের মধ্যে ছোট আকারে ফিয়াটের ঘোষণা দিল স্টেলান্টিস।

কেইর মতো মাইক্রো গাড়ি যেন যুক্তরাষ্ট্রে উৎপাদন ও চলাচলের অনুমতি পায় সে বিষয়ে পদক্ষেপ নিতে মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফিকে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে এ ধরনের গাড়ি তৈরিতে বাধা না থাকলেও নিরাপত্তা মান, গতি-সংক্রান্ত নিয়ম ও অন্যান্য বিধিনিষেধ পূরণ করতে হয়।

স্টেলান্টিসের এক মুখপাত্র বলেন, ‘ফিয়াটের এ ঘোষণার সঙ্গে গত সপ্তাহে ট্রাম্পের মন্তব্যের কোনো সম্পর্ক নেই। কোম্পানিটি মার্কিন অটো শোসহ বিভিন্ন ইভেন্টে টোপোলিনোর প্রতি গ্রাহক আগ্রহ যাচাই করে আসছিল।’

কোম্পানিটির ভাষ্যমতে, ইতালীয় ভাষায় টোপোলিনো অর্থ ছোট ইঁদুর। এটি আসলে একটি পুরোপুরি বিদ্যুচ্চালিত কোয়াড্রিসাইকেল, প্রচলিত অর্থে গাড়ি নয়। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ২৮ মাইল এবং একবার চার্জে প্রায় ৫০ মাইল দূরত্ব চলতে পারে। গাড়িটি স্টেলান্টিসের মরক্কোর কারখানায় তৈরি হবে।

২০০৯ সালের মহামন্দার পর যুক্তরাষ্ট্রে ছোট গাড়ি তৈরির পদক্ষেপ দেখা যায়। তখন দেউলিয়া ক্রাইসলারকে অধিগ্রহণের সুযোগ পায় ইতালীয় অটোমেকার ফিয়াট। কোম্পানিটির অন্যতম লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে ছোট গাড়ির প্রবর্তন। এরপর ২০১১ সালে মার্কিন বাজারে নিয়ে আসে ছোট সিটি কার ৫০০।

২০১২ সালে প্রথম পূর্ণ বছরে ফিয়াট যুক্তরাষ্ট্রে ৪৩ হাজার ৭৭২টি গাড়ি বিক্রি করেছিল। কিন্তু গত বছর তা প্রায় দেড় হাজার ফিয়াট গাড়ি বিক্রিতে নেমে আসে।

—খবর স্টেলান্টিস ও ছবি সিএনবিসি