আরব উপসাগরে মার্কিন বাণিজ্যিক জাহাজে
হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। জিব্রাল্টার ঈগল নামের ওই জাহাজকে লক্ষ্য
করে গতকাল সোমবার (১৫ জানুয়ারি) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের
সামরিক কর্মকর্তারা। খবর বিবিসি।
তবে হামলায় কেউ হতাহত বা জাহাজের কোনো
ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানা গেছে। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজটি যাত্রা অব্যাহত
রেখেছে।
ইরান সমর্থিত হুথিরা গত নভেম্বর থেকে
লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজেগুলোতে হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের
হামলার প্রতিবাদ ও হামাসের সমর্থনে তারা এসব হামলা চালিয়ে আসছে।
ঈগল বাল্ক শিপিং জানিয়েছে, হামলার সময়
উপকূল থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল জাহাজটি। এতে ছিল ইস্পাতের পণ্য।
জাহাজটি তার গন্তব্যে পৌঁছতে সক্ষম বলেও জানায় শিপিং কোম্পানিটি।
হুথিদের হামলার নেতিবাচক প্রভাব পড়তে
শুরু করেছে বিশ্ব বাণিজ্যিক সরবরাহে। হামলার কারণে লোহিত সাগরের বাণিজ্যিক রুট এড়িয়ে
চলাচল করেছে প্রধান কয়েকটি শিপিং কোম্পানির জাহাজ। ফলে বাড়তি সময়ের সঙ্গে বাড়ছে জ্বালানি
ব্যয়। এর প্রভাব বিশ্লেষকরা বিশ্বজুড়ে মূল্যস্ফীতিরও আশঙ্কা করছেন।
সব মিলিয়ে ১২টি বড় কোম্পানি ও জ্বালানি
তেল পরিবহনকারী সংস্থা লোহিত সাগর দিয়ে তাদের পরিষেবা বন্ধ রেখেছে। সমষ্টিগতভাবে এ
কোম্পানিগুলো বিশ্বব্যাপী বাণিজ্যের প্রায় ৬০ শতাংশ প্রতিনিধিত্ব করে।










