সর্বশেষ মার্কিন কংগ্রেসের অন্তত ১০০ প্রভাবশালী সদস্যের পূর্বপুরুষ সরাসরি কৃষ্ণাঙ্গ দাসের মালিক ছিলেন। এর মধ্যে আট শতাংশ ডেমোক্র্যাট ও ২৮ শতাংশ রিপাবলিকান প্রতিনিধি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

তালিকায় থাকা ১১৮ প্রভাবশালী নেতার মধ্যে রয়েছেন ১১৭তম কংগ্রেসের ১০০ সদস্য, ১১ জন গভর্নর, পাঁচ প্রেসিডেন্ট ও দুই বিচারপতি।

এই তালিকায় রয়েছেন রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল, লিন্ডসে গ্রাহাম, টম কটন ও জেমস ল্যাঙ্কফোর্ড এবং ডেমোক্র্যাটদের মধ্যে এলিজাবেথ ওয়ারেন, ট্যামি ডাকওয়ার্থ, জিন শাহীন ও ম্যাগি হাসান।

ডোনাল্ড ট্রাম্প ছাড়া সব জীবিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট সরাসরি দাস মালিকদের বংশধর। এদের মধ্যে রয়েছেন জিমি কার্টার, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন ও বারাক ওবামা। এ তালিকায় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ১১টির গভর্নর সরাসরি ক্রীতদাস মালিকদের বংশধর ছিলেন, মার্কিন সুপ্রিম কোর্টের দুই বিচারপতিও এই তালিকায় আছেন।

কংগ্রেস সদস্যদের এই পূর্বপুরুষরা গৃহযুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। সবচেয়ে ধনী ১০ শতাংশের মধ্যে তারা ছিলেন তিন-চতুর্থাংশ।

এছাড়া আমেরিকার রাজনৈতিক অভিজাতদের ওপর গবেষণায় এই সব নেতাদের পূর্বপুরুষের দাস ছিল এমন সাত শতাধিক ব্যক্তির খোঁজ পাওয়া গেছে।