বিশ্বব্যাপী রেকর্ড করা সবচেয়ে উষ্ণতম
দিন ছিল গত সোমবার (৩ জুলাই)। ইউএস ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশনের
তথ্য অনুযায়ী, এদিন গড় বৈশ্বিক তাপমাত্রা ১৭ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এর
আগের রেকর্ড ছিল ২০১৬ সালের আগস্টে, ১৬ দশমিক ৯২ ডিগ্রি সেলসিয়াস। খবর দ্য গার্ডিয়ান।
এল নিনোর প্রভাব ও সাম্প্রতিক চরম আবহাওয়াকে
এর সঙ্গে মিলিয়ে দেখেছেন বিশেষজ্ঞরা। এর সম্ভাব্য কারণ হলো বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানি
ব্যবহার ও কার্বন নিঃসরণ।
তথ্য-প্রমাণ হিসেবে তারা বলছেন, চরম আবহাওয়ার
মধ্যে সাম্প্রতিক সপ্তাহে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল তীব্র তাপপ্রবাহে ভুগছে। চীনের
অনেক অংশে কিছুদিন ধরে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এছাড়া উত্তর
আফ্রিকা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা দেখেছে। মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি
আরবে হজযাত্রীরা অস্বাভাবিকভাবে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবার।
এমনকি অ্যান্টার্কটিকা শীতকাল চলমান থাকলেও
হিমবাহের দ্রুত গলন ও সূর্যের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অস্বাভাবিকভাবে উচ্চ তাপমাত্রা
দেখা যাচ্ছে। ইউক্রেনের ভার্নাডস্কি রিসার্চ বেস জানায়, ওই মহাদেশের বরফঢাকা বিস্তৃত
আর্জেন্টাইন দ্বীপপুঞ্জে সম্প্রতি ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ চড়েছে। যা
জুলাইয়ের তাপমাত্রার রেকর্ড ভেঙেছে।
স্বাস্থ্য সংস্থার এক আন্তর্জাতিক সম্মেলনে
ক্যালিফোর্নিয়া ভিত্তিক গ্লোবাল ক্লাইমেট অ্যান্ড হেলথ অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক
জেনি মিলার বলেছেন, এরই মধ্যে মানুষ তাপপ্রবাহ, দাবানল ও বায়ু দূষণ থেকে বন্যা ও শক্তিশালী
ঝড়ের জলবায়ু প্রভাব সহ্য করেছে। বৈশ্বিক উষ্ণতা ফসলের ক্ষতি ও সংক্রামক রোগের বিস্তারের
পাশাপাশি অভিবাসনও বাড়িয়ে তুলছে।
সঙ্গে বলেন, কয়লা, তেল ও গ্যাসের উত্তোলন-ব্যবহার
উষ্ণায়নের প্রাথমিক চালক। যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও স্বাস্থ্যকর জলবায়ু
ভবিষ্যতের সঙ্গে বেমানান। সরকারগুলোকে অবশ্যই কপ২৮-এ জীবাশ্ম জ্বালানি ও নবায়নযোগ্য
শক্তির প্রতিশ্রুতি দিতে হবে।










