প্যারিসের রাস্তায় হলুদ মার্সিডিজ চালাচ্ছিলেন ১৭ বছর বয়সি এক তরুণ। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে নাহেল এম নামে ওই ব্যক্তিকে পুলিশ খুব কাছ থেকে গুলি করে। পুলিশের অভিযোগ, ওই তরুণ পুলিশকে লক্ষ্য করে গাড়ি চালিয়ে দিয়েছিল। তাকে থামানোর জন্য গুলি করা হয়েছে। অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, ওই তরুণের গাড়ি থেমে ছিল। তাকে রিভালবার তাক করে ধরে রাখে দুই পুলিশ। এমন সময় ওই তরুণ পালানোর চেষ্টা করলে তাকে গুলি করা হয়।

এ ঘটনায় তার মৃত্যু হলে বুধবার ফ্রান্সজুড়ে শুরু হয় বিক্ষোভ। প্যারিসের রাস্তায় রাস্তায় মানুষ ডাস্টবিনে আগুন ধরিয়ে দেয়, ভাঙচুর করা হয় গাড়িঘোড়া। এমনকি পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ার কথাও জানায় সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

ধীরে ধীরে শহর থেকে শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। দেশজুড়ে চলমান এ বিক্ষোভে আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন পুলিশ সদস্য।

এ ঘটনায় পুলিশকেই দোষী বলছে সরকার। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাখোঁ বলেছেন, এ ঘটনা মেনে নেয়া যায় না। এটা ক্ষমার অযোগ্য। এক যুবকের এভাবে মৃত্যুকে কোনো যুক্তি দিয়েই ব্যাখ্যা করা যাবে না।

উল্লেখ্য, ২০১৭ সালে পুলিশকে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়া হয়েছে। পুলিশকে এই অনুমতি দেয়া ঠিক হয়েছে কিনা, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে দেশটিতে।