ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে দুই শিশু নিহত হয়েছে। বেলুচিস্তান প্রদেশে হওয়া এ হামলায় আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে পাকিস্তানে বেলুচি জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইরান। পরে এ হামলাকে ‘অবৈধ’ হিসেবে উল্লেখ করে দেশটিকে ‘গুরুতর পরিণতির’ হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। খবর ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ‘অবৈধ’ হামলায় দুই শিশু নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত তেহরানের শীর্ষ কূটনীতিককে তলব করেছে দেশটি।

স্থানীয় সময় বুধবার ভোরে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের দেয়া এক বিবৃতিতে ইসলামাবাদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ ঘটনার ‘গুরুতর পরিণতি’ হতে পারে এবং এটি ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’। বিবৃতিতে হামলাটি কোথায় হয়েছে তা বলা হয়নি, তবে পাকিস্তানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বেলুচিস্তান প্রদেশে বিস্ফোরণের খবর দেয়া হয়েছে। সেখানে দুই দেশের মধ্যে বিক্ষিপ্তভাবে প্রায় ১ হাজার কিলোমিটার (৬২০ মাইল) জনবহুল সীমান্ত রয়েছে।

বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার রাতে হওয়া এ হামলায় ‘দুই নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে এবং তিনটি মেয়ে আহত হয়েছে’। অবশ্য ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার পাকিস্তানে বেলুচি জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে। ইরাক ও সিরিয়ায় বিভিন্ন স্থাপনায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র হামলা চালানোর একদিন পর এ আক্রমণের ঘটনা ঘটল।