লোহিত সাগরে আবারো তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তেলবাহী ট্যাংকারটি সৌদি আরব থেকে ভারতে আসছিল। তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি এ ড্রোন হামলা চালায় বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। খবর এনডিটিভি।
হামলার শিকার ট্যাংকারের নাম এমভি সাইবাবা। গ্যাবনের পতাকাবাহী ওই ট্যাংকারে ভারতীয় আরোহীরা অবস্থান করছেন।
সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে দেয়া এক বার্তায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, এমভি সাইবাবা নামের গ্যাবনের পতাকাবাহী ট্যাংকারে ভারতীয়রা আছেন এবং হামলায় কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। কিন্তু হামলার পর ওই এলাকায় থাকা একটি মার্কিন জাহাজে জরুরি বার্তা পাঠিয়েছে তারা।
এনডিটিভি বলছে, শনিবার ভারতীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের দাবি, জাপানি মালিকানাধীন এ রাসায়নিক ট্যাংকারে যে ড্রোন হামলা হয়েছে, তা ছোড়া হয়েছিল ইরান থেকে।
প্রসঙ্গত, টানা আড়াই মাস ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। তার মধ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির একের পর এক হামলা আঞ্চলিক সংঘাতের ঝুঁকি আরো বাড়িয়ে তুলেছে। হুথিরা লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে ইসরায়েলি-সংযুক্ত বেশ কয়েকটি জাহাজে আক্রমণ চালানোর পাশাপাশি জব্দও করেছে। এ সমুদ্রপথ দিয়ে বিশ্বের বেশির ভাগ তেলবাহী জাহাজ যাতায়াত করে থাকে।
আর তাই এসব আক্রমণ লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক বাণিজ্য পথে তেল, শস্য ও অন্যান্য পণ্যের পরিবহনে উদ্বেগ সৃষ্টি করেছে। এতে করে লোহিত সাগরের মধ্য দিয়ে পণ্যের বীমা ও পরিবহনের খরচও বেড়ে গেছে।










