গাজায় ইসরায়েল-হামাসের মধ্যে ‘অস্থায়ী যুদ্ধবিরতি’ শেষ হয়েছে আজ শুক্রবার (১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টায়। এরপরই হামলায় ছয়জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে হামলা প্রতিহতের খবর দিয়েছে তেল আবিব। খবর রয়টার্স ও বিবিসি।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, দক্ষিণ গাজার রাফাহ শহরে আজ সকালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের মধ্যে রয়েছে দুই শিশু।

যুদ্ধবিরতি শেষ হওয়ার এক ঘণ্টা আগেই গাজা থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করেছে বলে জানায় তেল আবিব।

গত ২৪ নভেম্বর শুরু হয়েছিল চারদিনের যুদ্ধবিরতি। এর পর দুই দফা বাড়িয়ে এক সপ্তাহ স্থগিত থাকে হামলা। এ সময় হামাস ১১০ ও ইসরায়েল ২৪০ জন বন্দিকে মুক্তি দেয়। একই সময়ে পশ্চিম তীরে গ্রেফতার ও হতাহত অব্যাহত থাকলেও গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুবিধা দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা আজ শুক্রবার ভোরে গাজা থেকে উৎক্ষেপণ করা একটি রকেটকে বাধা দেয়। এ সময় ইসরায়েলে বেজে ওঠে বিমান হামলার সাইরেন। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, যুদ্ধবিরতির পর এ প্রথম সাইরেন শোনা গেল। অবশ্য হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি বা উৎক্ষেপণের দায় স্বীকার করা হয়নি।

গত ৭ অক্টোবর অতর্কিত ইসরায়েলের সীমান্ত অতিক্রম করে হামলা করে হামাস। ওই সময় এক হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়। এছাড়া জিম্মি করে আনা হয় ২৪০ জনকে। এরপর ইসরায়েলের সর্বাত্মক হামলায় ১৪ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হন। যার মধ্যে প্রায় ছয় হাজার শিশু।