গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ বন্ধ করতে হামাস শুক্রবার আন্তর্জাতিক মহলকে ‘অবিলম্বে পদক্ষেপ’ গ্রহণ করার আহ্বান জানিয়েছে। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে হামলা জোরদার করার পর তারা এই আহ্বান জানালো। খবর এএফপি’র।

হামাসের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আরব ও মুসলিম দেশগুলো এবং আন্তর্জাতিক মহলকে আমাদের জনগণের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ এবং ধারাবাহিক গণহত্যা বন্ধ করতে অবিলম্বে দায়িত্ব এবং পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

ইসরায়েল ও হামাসের লড়াইয়ের তিন সপ্তাহ চলছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ৫০০ জন নিহত হয়েছে এবং আরো ২২০ জনকে হামাস জিম্মি করে নিয়ে যায় । গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৭ হাজার ৩২৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬৬ শতাংশই নারী ও শিশু।