থাইল্যান্ডের বিলাসবহুল আবাসনের বাজারে নতুন গতি এনেছে জার্মান গাড়ি নির্মাতা পোরশে। স্থানীয় কোম্পানি আনন্দ ডেভেলপমেন্টের সঙ্গে যৌথভাবে ব্যাংককে উচ্চাভিলাষী হাইরাইজ প্রকল্প বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি। পোরশে ডিজাইন টাওয়ার ব্যাংককে কন্ডোর সর্বোচ্চ দাম ধরা হয়েছে ৫ কোটি ডলার।
২০২৮ সাল নাগাদ সম্পন্ন হবে এশিয়ায় পোরশের প্রথম অতি বিলাসবহুল কন্ডো প্রকল্পটি। এর আগে জার্মানির স্টুটগার্ট ও যুক্তরাষ্ট্রের মায়ামিতে এমন প্রকল্প করেছে কোম্পানিটি।
ব্যাংককের সুকুমভিত রোডে গত মাসে পোরশে কন্ডোমিনিয়ামের আকর্ষণ তুলে ধরতে খোলা হয়েছে শোরুম। সেখানে অ্যাপার্টমেন্টের অভ্যন্তরীণ নকশা প্রদর্শন হচ্ছে। পাশাপাশি আউটডোর পুল ও প্রাইভেট গ্যারেজের ডিজাইন রাখা হয়েছে। ভবনটি সম্পন্ন হলে কেমন দেখাবে, তাও প্রদর্শন হচ্ছে বড় একটি ডিসপ্লেতে।
পোরশে ডিজাইন টাওয়ারে থাকবে ২২টি ইউনিট। প্রারম্ভিক দাম রাখা হয়েছে ১ কোটি ৫০ লাখ ডলার। ইউনিটের আকার ও অন্যান্য সুবিধা মিলিয়ে দাম বাড়বে, যা শীর্ষ পর্যায়ে ৫ কোটি ডলারে ঠেকবে। এটি হতে যাচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে দামি কন্ডোমিনিয়াম। জানা গেছে, এশিয়ায় প্রকল্প শুরুর তালিকায় টোকিও ও সাংহাইয়ের মতো প্রধান শহরের নাম ছিল। তবে পোরশে বেছে নিয়েছে ব্যাংকককে।
পোরশে ডিজাইন টাওয়ারে ইউনিট বুকিং শুরু হয়েছে গত সেপ্টেম্বরে। এরই মধ্যে পাঁচটি ইউনিটের গ্রাহকের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।
আনন্দ ডেভেলপমেন্টে সিইও চানন্দ রুয়াংক্রিত্যা জানান, পোরশের সঙ্গে আরো অংশীদারের লক্ষ্য রয়েছে তার। টোকিওতে তৈরি হবে হোটেল ও আবাসনের সমন্বয়ে একটি প্রকল্প, যার সঙ্গে যুক্ত হচ্ছে বড় একটি আর্থিক তহবিল। তিনি বলেন, ‘পোরশের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। আশা করি, আগামী বছরের মাঝামাঝিতে পরবর্তী প্রকল্প বাস্তবায়ন ও কৌশল নির্ধারণে মনোনিবেশ করতে পারব।’
থাইল্যান্ডে অতি বিলাসবহুল কন্ডোর বাজার দ্রুতগতিতে বাড়ছে। ফ্রান্সের বাকারাট তৈরি করেছে চার ইউনিটের একটি আবাসিক প্রকল্প। যেখানে প্রারম্ভিক দাম ২ কোটি ৭৬ লাখ ডলার। স্থানীয় প্রতিষ্ঠান স্যানসিরি, এপি ও অরিজিন প্রপার্টিও উচ্চ মূল্যের বাজারে ঝুঁকছে।
থাইল্যান্ড বরাবরই বিদেশীদের কাছে আকর্ষণীয় গন্তব্য হিসেবে বিবেচিত। এখানকার বিলাসবহুল আবাসনে তাদের বিনিয়োগ দিন দিন বাড়ছে। হেনলি অ্যান্ড পার্টনার্সের তথ্য অনুযায়ী, চলতি বছর থাইল্যান্ডে ১০ লাখ ডলারের বেশি সম্পদধারী বিদেশীর আগমন প্রায় ৫০ শতাংশ বেড়ে প্রায় ৪৫০ জনে পৌঁছেছে। থাই সরকারও ধনীদের জন্য দীর্ঘমেয়াদি ভিসার সুযোগ বাড়াচ্ছে।
খবর নিক্কেই এশিয়া










