ভালুকের আক্রমণে চলতি বছর ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হওয়ার তথ্য দিয়েছে উত্তর-পূর্ব জাপানের প্রায় ৩০ শতাংশ কোম্পানি। ভালুকের আক্রমণ ও লোকালয়ে প্রাণীটির দেখা যাওয়ার ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ বিষয়ে অনলাইনে জরিপ পরিচালনা করে টোকিও শোকো রিসার্চ। এটিই ভালুকের কারণে ব্যবসার ক্ষতি নিয়ে প্রথম কোনো জরিপ। খবর কিয়েদো।
জাপানে চলতি বছর ভালুকে আক্রান্ত হওয়ায় এগিয়ে রয়েছে উত্তর-পূর্বাঞ্চল। সেখানে ২৮ দশমিক ৯ শতাংশ কোম্পানি ভালুকের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো জাপানে এ হার ৬ দশমিক ৬ শতাংশ।
ভালুক কীভাবে তাদের কার্যক্রমে প্রভাব ফেলেছে, এমন প্রশ্নে একাধিক উত্তর দেয়ার সুযোগ ছিল। এ বিষয়ে জাপানের ৪৭ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, কর্মীদের ভালুকের আক্রমণসংক্রান্ত তথ্য ও করণীয় সম্পর্কে জানাতে বাধ্য হয়েছে তারা। ২৭ দশমিক ৫ শতাংশ প্রতিষ্ঠান বলেছে, ক্ষয়ক্ষতি ঠেকাতে অতিরিক্ত বিনিয়োগ করতে হয়েছে।
ভালুকের আক্রমণে কিছু কোম্পানিকে অনুষ্ঠান বাতিল বা পিছিয়ে দিতে হয়েছে। আবার কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে দোকান বা অফিসে আসা ক্রেতার সংখ্যা ও ক্রয়াদেশ তুলনামূলক কমে গেছে।
জরিপটি এমন সময় প্রকাশ হলো, যখন দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এপ্রিল-নভেম্বরের মধ্যে জাপানে ভালুকের আক্রমণে ২৩০ জন মানুষ আক্রান্ত হয়েছে, যার মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের মধ্যে ১৫৪ জন অর্থাৎ ৬৬ দশমিক ৯ শতাংশই উত্তর-পূর্ব জাপানের বাসিন্দা।
জাপানের অন্যান্য অঞ্চলের মধ্যে হোক্কাইদোর ১৫ দশমিক ৫ শতাংশ প্রতিষ্ঠান কার্যক্রম ব্যাহত হওয়ার তথ্য দিয়েছে। এর পরই রয়েছে সাগরসংলগ্ন হোকুরিকু অঞ্চল (৮ দশমিক ৭ শতাংশ) এবং দেশের মধ্যাঞ্চলের চুবু অঞ্চল (৪ দশমিক ৮ শতাংশ)।










