ফিলিস্তিনের গাজায় খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপত্যকায় যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হবে। খবর আল জাজিরা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউজে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এটি খুব শিগগিরই হতে যাচ্ছে। গাজার পরিস্থিতি খুব ভালোভাবে এগোচ্ছে। অত্যন্ত শক্তিশালী কয়েকটি দেশ এরই মধ্যে সম্মতি দিয়েছে, হামাসের সঙ্গে কোনো সমস্যা দেখা দিলে তারা হস্তক্ষেপ করবে।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, গাজায় দুই বছরের জন্য একটি অন্তর্বর্তী সরকার ও স্থিতিশীলতা বাহিনীর অনুমোদন নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ বাহিনী মূলত ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষা, সীমান্ত নিরাপত্তা এবং দেশটির পুলিশকে প্রশিক্ষণ দেবে।

এর আগে গত মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, গাজায় কাজ করা যেকোনো স্থিতিশীলতা বাহিনীর অবশ্যই পূর্ণ আন্তর্জাতিক বৈধতা থাকতে হবে, যাতে তারা ফিলিস্তিনিদের সহায়তা করতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১০ নির্বাচিত সদস্য এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি অংশীদার দেশের কাছে বৃহস্পতিবার প্রস্তাবের খসড়া পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাব অনুযায়ী, ২০ হাজার সদস্যের এ বাহিনীকে 'প্রয়োজনীয় শক্তি' প্রয়োগের অনুমতি দেয়া হবে। এতে মিসর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও তুরস্ক অংশ নিয়েছে বলে জানা গেছে।

এদিকে যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অন্যদিকে চুক্তির শর্ত অনুযায়ী এখনো এখনও নিরস্ত্র হওয়ার প্রতিশ্রুতি দেয়নি হামাস।