ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে নিকেল প্রক্রিয়াজাত করার একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৩ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল ভোর সাড়ে ৫টার দিকে কারখানার চুল্লি মেরামতের সময় ওই বিস্ফোরণ ঘটে। খবর রয়টার্স।

ইন্দোনেশিয়া মোরোওয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্ক (আইএমআইপি) কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণের পর সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নেভানো হয়। নিহত শ্রমিকদের মধ্যে আটজন ইন্দোনেশিয়ান ও পাঁচজন চীনা নাগরিক।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে আইএমআইপির মুখপাত্র ডেডি কুর্নিয়াওয়ান বলেন, ‘‌বিস্ফোরণটি সম্ভবত চুল্লির নিচে থাকা তরল দাহ্য থেকে ঘটেছে। মেরামত প্রক্রিয়া চলার সময়ই ওই বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণটির আগুন পাশে থাকা অক্সিজেন ট্যাংকগুলোয় ছড়িয়ে পড়লে সেগুলোও বিস্ফোরণ হয়।’ বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে বলেও জানান তিনি।

খনিজ সমৃদ্ধ দেশ ইন্দোনেশিয়ায় সালাউইসি দ্বীপটি নিকেল উৎপাদনে বিখ্যাত। বৈদ্যুতিক যানবাহনে ব্যবহৃত ব্যাটারি তৈরির মূল উপাদানগুলোর একটি নিকেল। স্টেইনলেস স্টিল তৈরিতেও নিকেল গুরুত্বপূর্ণ উপাদান। এ খাতে বেইজিংয়ের ক্রমবর্ধমান বিনিয়োগ কারখানাগুলোর কাজের পরিস্থিতি নিয়ে অস্থিরতার সৃষ্টি করেছে।

সাম্প্রতিক বছরগুলোয় ইন্দোনেশিয়ার নিকেল প্রক্রিয়াকরণ শিল্পে বেশ কয়েকটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট জোকো উইদোদো খাতটির উন্নয়নে আগ্রহী। ফলে পরিবেশগত মান পর্যবেক্ষণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার উন্নতির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।