ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ
জানিয়েছেন, গাজা উপত্যকায় হামলার পেছনে প্রতিদিন স্থানীয় মুদ্রায় ১০০ কোটি শেকেল বা
২৪ কোটি ৬০ ডলারের মতো খরচ হচ্ছে। আজ বুধবার (২৫ অক্টোবর) স্থানীয় রেডিও চ্যানেলে সাক্ষাৎকারে
এ তথ্য দেন তিনি। খবর দ্য হিন্দু।
তিনি জানান, এ যুদ্ধের কারণে ২০২৩-২৪
অর্থবছরের জাতীয় বাজেট এখন আর প্রাসঙ্গিক নয়। এটি সংশোধন করা হবে।
ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, এ যুদ্ধে
কারণে আংশিকভাবে পঙ্গু অর্থনীতির ওপর পরোক্ষ খরচের মূল্যায়ন নেই স্মোট্রিচের দেয়া
হিসেবে।
এদিকে এসঅ্যান্ডপি গ্লোবালের এক প্রতিবেদনে ঋণমান বা ক্রেডিট রেটিং আউটলুকে ইসরায়েলকে ‘স্থিতিশীল’ থেকে ‘নেতিবাচক’ অবস্থায় নামিয়ে
আসা হয়েছে। এ সংশোধন ‘আশংকাজনক’ হলেও এখনো বড় কোনো ঘাটতি দেখছেন না তিনি।
এ সময় ব্যাংক অব ইসরায়েলের গভর্নর
আমির ইয়ারনের প্রশংসা করেন অর্থমন্ত্রী। আমিরের পদত্যাগ করার কথা থাকলেও সাম্প্রতিক
সংকটের কারণে তার মেয়াদ বাড়ানো হয়েছে।
হামাসের সঙ্গে চলমান সংঘাতের কারণে ইসরায়েলে বিনিয়োগ ঝুঁকি তৈরি হয়েছে বলে জানায় এসঅ্যান্ডপি গ্লোবাল। অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতে এ প্রভাব আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
এর আগে গত সপ্তাহে আন্তর্জাতিক ঋণমান
নির্ণয়কারী অপর সংস্থা ফিচ রেটিংস ইসরায়েলের অর্থনীতিতে নেতিবাচক ঋণমানের পূর্বাভাস
দেয়।
এসঅ্যান্ডপি তাদের বিবৃতিতে বলছে, আমরা
ধরে নিচ্ছি যে সংঘাত গাজা কেন্দ্রিক থাকবে ও তিন থেকে ছয় মাসের বেশি চলবে না। বিরোধের
সমাধান হলেই স্থিতিশীল অবস্থার দিকে যাবে ঋণমান।
সঙ্গে জানায়, ইসরায়েলের ওপর আন্তর্জাতিক
সমর্থন সামষ্টিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব কিছুটা প্রশমিত করতে পারে।









