গাজায় ইসরায়েলি হামলায় সৃষ্ট উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী। খবর আনাদোলু।

হামাসের বিরুদ্ধে এ যুদ্ধে তেল আবিবের প্রধান মিত্র হিসেবে বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতায় রয়েছে যুক্তরাষ্ট্র।

মাইক্রো ব্লগিং প্লাটফর্মে এক্সে দেয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ইউএস সেন্টাল কমান্ড (সেন্টকম)। গতকাল রোববার (৫ নভেম্বর) দিবাগত রাতে দেয়া বিরল ওই বার্তায় বলা হয়, ‘৫ নভেম্বর একটি ওহাইও-শ্রেণির সাবমেরিন ইউএস সেন্ট্রাল কমান্ডের দায়িত্বের এলাকায় পৌঁছেছে।’

মার্কিন সেন্ট্রাল কমান্ড অঞ্চলের মাঝেই মধ্যপ্রাচ্যের অবস্থান। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য হয়নি।

গত ৭ অক্টোবর অতর্কিত হামলার মাধ্যমে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ শুরু করে গাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। এরপর সর্বাত্মক যুদ্ধে নামে ইসরায়েল। হামলার পরপরই যুক্তরাষ্ট্র এই অঞ্চলে দুটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে। এছাড়া পাঠিয়েছে অস্ত্রশস্ত্র। প্রতিশ্রুতি দিয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের সহযোগিতার।

হামাসের হামলায় ইসরায়েলি পক্ষে এক হাজার ৪০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন প্রায় ১০ হাজার ফিলিস্তিনি। যাদের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া হাজার হাজার মানুষ নিখোঁজ বা আহত হয়েছেন।