মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির জান্তাপ্রধান মিন অং হ্লাইং। এর মধ্য দিয়ে পাঁচ বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী হ্লাইং এবার বেসামরিক পদে বসে নিজের শাসন অব্যাহত রাখছেন। খবর আল জাজিরা।
শুক্রবার রাজধানী নেপিদোতে অভিষেক ভাষণে তিনি বলেন, মিয়ানমার গণতন্ত্রের পথে ফিরে এসেছে এবং একটি উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, দেশটির সামনে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে, যা কাটিয়ে ওঠা প্রয়োজন।
নোবেল শান্তি পুরস্কারজয়ী নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন সরকারকে ২০২১ সালে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে ঘটানো সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয়। সে সময় আটক হন সু চি। দেশজুড়ে শুরু হয় গৃহযুদ্ধ। সেই থেকে প্রায় পাঁচ বছর শাসনক্ষমতায় থাকার পর সম্প্রতি মিয়ানমারে নির্বাচনের আয়োজন করেন মিন অং হ্লাইং।
গত জানুয়ারিতে ভোট গ্রহণের প্রক্রিয়া শেষ হয়। ওই নির্বাচনে সু চির দলসহ বিরোধী বেশির ভাগ দল অংশ নেয়নি। এতে সামরিক বাহিনীর সঙ্গে মিত্রতা থাকা বেসামরিক রাজনীতিবিদেরা অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। নতুন সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার আগে মিন অং হ্লাইং শীর্ষ জেনারেলের পদ থেকে সরে দাঁড়ান।










