হামাস-ইসরায়েল যুদ্ধে উভয় পক্ষই যুদ্ধাপরাধ করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। স্থানীয় সময় বুধবার (৮ নভেম্বর) মিসরের রাফা সীমান্ত সফরকালে তিনি এই মন্তব্য করেন। খবর রয়টার্স।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলেন, হামাস বেসামরিক ইসরায়েলিদের জিম্মি করে রেখেছে যা স্পষ্ট যুদ্ধাপরাধ। অন্যদিকে গাজায় বেসামরিক বাসিন্দাদের ওপর ইসরায়েলি হামলাকেও তিনি যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছেন। 

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। সেদিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক সংবাদ সম্মেলনে জানান, গত এক মাসে ইসরায়েলি সেনাবাহিনী ১০ হাজার ২২ জনকে হত্যা করেছে। নিহতের মধ্যে চার হাজার ১০৪ শিশু ও দুই হাজার ৬৪১ জন নারী। এছাড়া আহত হয়েছে ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি। গৃহহীন প্রায় ১৫ লাখ। 

ইসরায়েলি হামলা থেকে ঘরবাড়ি, বিদ্যালয়, হাসপাতাল, শরণার্থী শিবির—কিছুই বাদ যাচ্ছে না। এ যুদ্ধ শুরুর পর জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন সংস্থা ইসরায়েলের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানালেও দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু বরাবর যুদ্ধবিরতির দাবি মানতে অস্বীকৃতি জানিয়েছেন।