থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তের বিরোধপূর্ণ এলাকায় দু'দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন বেসামরিক নাগরিকও রয়েছে। খবর আল জাজিরা।
থাই সেনাবাহিনী জানিয়েছে, কম্বোডিয়ান সেনারা প্রথমে ভারী অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। অন্যদিকে, কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনারা হামলার শিকার হওয়ার পর আত্মরক্ষার্থে পাল্টা জবাব দিয়েছে।
সীমান্তজুড়ে একাধিক স্থানে এখনো সংঘর্ষ চলমান রয়েছে। এটি দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমান্ত বিরোধের সর্বশেষ সহিংস রূপ, যা চলতি বছরের মে মাসে আবারও তীব্র হয়ে ওঠে।
থাইল্যান্ড কম্বোডিয়া থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে। আবার কম্বোডিয়া থাইল্যান্ড থেকে তাদের কূটনীতিকদের সরিয়ে নিয়েছে এবং সব থাই কূটনীতিককে দেশত্যাগের নির্দেশ দিয়েছে।










