ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের একটি
অ্যাপার্টমেন্ট ব্লকে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার
(৬ জুলাই) এ তথ্য দেন শহরটির গভর্নর ম্যাকসিম কোজিৎস্কি। খবর দ্য গার্ডিয়ান।
টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে তিনি জানান,
গতকাল বুধবার রাতে রুশ ক্ষেপণাস্ত্র লভিভ শহরের একটি আবাসিক ভবনে সরাসরি আঘাত করে।
এতে হতাহতের ঘটনা ঘটে।
লভিভের মেয়র আন্দ্রি সাদোভিই এর আগে টেলিগ্রামে
বলেছিলেন, একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এ সময় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে
যাওয়ার পরামর্শও দেন তিনি।
এ ঘটনায় আরো নয়জন আহত হয়েছেন ও উদ্ধারকারীরা
ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আরো জানিয়েছে,
ক্ষেপণাস্ত্র হামলায় একটি অ্যাপার্টমেন্ট ব্লকের দুটি অংশের ওপরের দুটি তলা ধ্বংস
হয়ে গেছে।
এর আগে গত ২০ জুন লভিভ, কিয়েভ ও অন্যান্য
শহরগুলো বড় ধরনের রুশ ড্রোন হামলার শিকার হয়েছিল।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিও
ক্ষতিগ্রস্ত ভবনের ভিডিও পোস্ট করেছেন টেলিগ্রামে। তিনি বলেন, রুশ সন্ত্রাসীদের রাতের
হামলার পরিণতি। অবশ্যই জবাব দেয়া হবে।
সম্প্রতি যুদ্ধের ময়দানে পাল্টা আক্রমণের
সূচনা করেছে ইউক্রেন। সেখানে কিয়েভ কতটা সফল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এক
সাক্ষাৎকারে সিএনএনকে জেলেনস্কি বলেছিলেন, পাল্টা আক্রমণের আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়
নেতাদের কাছে প্রয়োজনীয় সরবরাহ চেয়েছিলেন। নইলে হতাহতের ঘটনা আরো বাড়বে।










