লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলাকারী
হুথি গোষ্ঠী সম্পর্কে ইরানকে ব্যক্তিগত বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গতকাল শনিবার (১৩ জানুয়ারি) ক্যাম্প ডেভিডের অবকাশ কেন্দ্রে যাওয়ার আগে হোয়াইট হাউজে
এ বিষয়ে মন্তব্য করেন তিনি। খবর ভয়েস অব আমেরিকা।
এদিন বাইডেন বলেন, আমরা ব্যক্তিগতভাবে
বার্তা দিয়েছি এবং নিশ্চিত যে আমরা ভালোভাবে প্রস্তুত।"
গত বৃহস্পতিবার ও শুক্রবার যুক্তরাষ্ট্র
ও যুক্তরাজ্যের হামলার পর নিজ অবস্থানে অটল থাকার ঘোষণা দেয় হুথিরা। একই সময়ে ইরান-সমর্থিত
গোষ্ঠীর আক্রমণ থেকে জাহাজ রুট রক্ষায় ওয়াশিংটন দৃঢ় সংকল্প জানায়। এমন পাল্টাপাল্টি
মন্তব্য ওই অঞ্চলে উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে।
হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি গত
শুক্রবার জানান, হুথিদের ক্ষেপণাস্ত্র বা ড্রোন সংরক্ষণ, উৎক্ষেপণ এবং গাইড করার ক্ষমতাকে
আঘাত করেছে প্রাথমিক হামলাগুলো।
শুক্রবারের এক হামলায় হুথিদের একটি
রাডার সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
গাজায় ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে
আরেকটি যুদ্ধ প্রশ্নে কিরবি বলেন, ইয়েমেনের সঙ্গে যুদ্ধে ওয়াশিংটনের কোনো আগ্রহ নেই।
২০২১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের
তালিকা থেকে বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে হুথিদের নাম সরিয়ে দিয়েছিল বাইডেন প্রশাসন।
হুথিদের সাম্প্রতিক হামলাকে সন্ত্রাসবাদ
মনে করেন কিনা- এমন প্রশ্নে শুক্রবার বাইডেন বলেন, আমি তাই মনে করি।










