চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন। সাংহাইতে অবসর যাপনের সময় বৃহস্পতিবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন সাবেক ওই প্রধানমন্ত্রী। পরে আজ শুক্রবার (২৭ অক্টোবর) সকালে মারা যান তিনি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। 

গত বছর অবসরে যান কেকিয়াং। তার আগ পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টিতে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন কেকিয়াং। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভিতে প্রচারিত খবরে বলা হয়েছে, মধ্যরাতে সাংহাই শহরে মারা গেছেন কেকিয়াং।

বিবিসির প্রতিবেদন অনুসারে, তিনি একমাত্র শীর্ষ কর্মকর্তা ছিলেন যিনি শির অনুগত ছিলেন না এবং কোনো ক্ষমতার ভিত্তি না থাকা সত্ত্বেও শীর্ষ দলীয় পদে ছিলেন তিনি।  

২০১৩ সাল থেকে প্রায় ১০ বছর চীনের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্বপালন করেছেন তিনি। এ বছরের শুরুতে চীনের প্রধানমন্ত্রীর পদ থেকে অবসরে যান কেকিয়াং।