অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকত বন্ডাই বিচে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিউ সাউথ ওয়েলস পুলিশ সেখানে সক্রিয় বন্দুকধারীর খবর পেয়ে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় এরই মধ্যে দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে ও অভিযান চলমান।

এদিকে সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, বন্ডাই এলাকায় একাধিক গুলির শব্দ শোনা গেছে। তবে প্রাথমিকভাবে কতজন আহত হয়েছেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। পত্রিকাটি আরও জানায়, স্থানীয় বাসিন্দারা ক্যাম্পবেল প্যারেড এলাকায় একের পর এক পুলিশ গাড়ি প্রবেশ করতে দেখেছেন ও আশপাশে কিছু মানুষকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।

অস্ট্রেলিয়ার আরেক সংবাদমাধ্যম ৭নিউজ জানিয়েছে, স্থানীয়রা গুলির শব্দ শুনে সমুদ্রসৈকত থেকে শত শত মানুষকে প্রাণভয়ে দৌড়ে পালাতে দেখেছেন।তাৎক্ষণিকভাবে নিউ সাউথ ওয়েলস পুলিশ পরে নিশ্চিত করেছে, এই ঘটনায় একাধিক মানুষ নিহত হয়েছেন। তবে ঠিক কতজন মারা গেছেন, সে বিষয়ে এখনো সংখ্যা জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, দুই হামলাকারীকে ‘নিরস্ত্র’ করা হয়েছে। একই সঙ্গে পুরো এলাকা তল্লাশি করে সম্ভাব্য ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইএডি) খুঁজে দেখা হচ্ছে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, তিনি এরই মধ্যে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কমিশনার ও নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ারের সঙ্গে কথা বলেছেন। আলবানিজ বলেন, আমরা নিউ সাউথ ওয়েলস পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। নিশ্চিত তথ্য পাওয়া গেলে আরও আপডেট দেওয়া হবে। তিনি আরও যোগ করেন, পুলিশ ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে জীবন রক্ষায় কাজ করে যাচ্ছেন।