গাজায় দুই মাস ধরে চলমান ইসরায়েলি নির্বিচার হামলায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু। গতকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) হামাস নিয়ন্ত্রিক ছিটমহলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু।

মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক সংবাদ সম্মেলনে বলেন, গত ৭ অক্টোবর শুরু হওয়া হামলায় ১৭ হাজার ১৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের প্রায় ৭০ শতাংশ শিশু ও নারী।

তিনি আরো বলেন, অবরুদ্ধ এ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরো ৪৬ হাজার মানুষ আহত হয়েছেন।

সর্বাত্মক এ হামলায় বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি হাসপাতালও ধ্বংস করছে ইসরায়েল। আশরাফ আল-কুদরা বলেন, ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৯০ জন চিকিৎসক নিহত হয়েছেন। ১০২টি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়েছে এবং ১৬০টি স্বাস্থ্যসেবা কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ২০টি হাসপাতাল ও ৪৬টি প্রাথমিক চিকিৎসাকেন্দ্রকে পরিষেবা বন্ধ করতে বাধ্য করা হয়েছে।

তিনি বলেন, চলমান হামলা ও যোগাযোগ ব্ল্যাকআউটের কারণে আমরা হতাহতের সংখ্যা গণনা কঠিন হয়ে যাচ্ছে।

হামাসের সঙ্গে এক সপ্তাহব্যাপী মানবিক বিরতির পর ইসরায়েল গাজা উপত্যকায় ১ ডিসেম্বর থেকে পুনরায় সামরিক অভিযান শুরু করেছে। এতে প্রতিদিন নিহত হচ্ছেন শতশত মানুষ।

গত ৭ অক্টোবর ইসরায়েলের কাঁটাতারের বেড়া অতিক্রম করে হামলা করে হামাস যোদ্ধারা। সরকারী পরিসংখ্যান অনুসারে ওই দিন এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছেন।