ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের একটি থানায় বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২৭ জন। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে শ্রীনগরের নওগাম থানায় এ ঘটিনা ঘটে। সম্প্রতি বিভিন্ন অভিযানে জব্দ বিপুল পরিমাণ বিস্ফোরক সেখানে রাখা ছিল। খবর হিন্দুস্থান টাইমস।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে স্থানীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিস্ফোরণে হতাহতদের অধিকাংশই পুলিশ কর্মকর্তা ও ফরেনসিক দলের সদস্য। আর আহত ২৪ পুলিশ কর্মকর্তা ও তিনজন বেসামরিক নাগরিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্মকর্তারা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় পুলিশ ও ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি যৌথ দল সম্প্রতি ফেরিদাবাদ (হরিয়ানা) থেকে উদ্ধার হওয়া অ্যামোনিয়াম নাইট্রেটসহ বিভিন্ন বিস্ফোরক পরীক্ষা করছিল। এর এক পর্যায়ে বিস্ফোরণ ঘটে।
হিন্দুস্থান টাইমস বলছে, ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরো দুজনের দেহাবশেষ উদ্ধার হয়েছে। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
দেশটির গণমাধ্যমের তথ্য বলছে, শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে থানার ভেতরে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। পাশাপাশি থানার চত্বরে রাখা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।
রাজধানী দিল্লির লালকেল্লার কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের মাত্র চার দিন পর কাশ্মীরের থানাটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুসারে, দিল্লির ওই বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হন। ভারত সরকার এটিকে ‘সন্ত্রাসী ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে।










