ভারতের বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। স্থানীয় সময় আজ সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। সকাল ১০টা নাগাদ ভোট গণনার প্রাথমিক আভাসে এনডিএ জোট অনেকটাই এগিয়ে আছে। বেশ পিছিয়ে বিরোধী মহাজোট। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিহার বিধানসভার মোট আসন ২৪৩টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১২২ আসন। ভোট গণনার প্রাথমিক ফলাফলে দেখা গেছে, এনডিএ জোট এগিয়ে থাকা আসনসংখ্যার দিক দিয়ে সংখ্যাগরিষ্ঠতার সীমা পেরিয়ে গেছে।
বিহারে ৬ নভেম্বর প্রথম দফায় ১২১ আসনে ভোট অনুষ্ঠিত হয়। এ দফায় ভোট পড়ে ৬৫ শতাংশের বেশি। ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয় ১২২টি আসনে। এ দফায় ভোট পড়েছিল ৬৮ শতাংশের বেশি। দুই দফা মিলিয়ে প্রায় ৬৭ শতাংশ ভোট পড়ে।
দ্য হিন্দু বলছে, ভোট গণনার প্রাথমিক আভাসে ১০৮ আসনে এগিয়ে এনডিএ জোট। বিরোধী মহাজোট এগিয়ে ৪১ আসনে। অন্যরা এগিয়ে ২৬ আসনে। অন্যদিকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, প্রাথমিক আভাসে ১৬০ আসনে এগিয়ে এনডিএ জোট। আর ৭৯ আসনে এগিয়ে বিরোধী মহাজোট।










